সিলেটের বালাগঞ্জ উপজেলার মুক্তারপুরে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে বাস্তবায়নাধীন আত-তাকওয়া প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও নূরানিয়া মাদরাসাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান।
ইতোমধ্যে প্রকল্প এলাকায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণকাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রকল্পের আওতায় অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কার্যক্রমও এগিয়ে চলছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের বিশেষ আমন্ত্রণে প্রকল্প এলাকা পরিদর্শন করেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা, প্রকল্পের দাতা সদস্য ও সমাজকর্মী মো. ইমাম উদ্দিন এবং সিরাজুল হক।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অতিথিরা জানান, আত-তাকওয়া প্রকল্পের আওতায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নির্মাণকাজ শেষ হলেই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে সেবাদান কার্যক্রম চালু করা হবে।
তাঁরা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার অসহায়, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকেরা দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। বিশেষ করে মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অতিথিরা আত-তাকওয়া প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এফপি/মিব