সম্পদের প্রাচুর্য নয়, জীবনের সবচেয়ে বড় সম্পদ মায়ের ভালোবাসা। মায়ের স্নেহ ও মমতার সন্ধানে এক সন্তানের দীর্ঘ প্রতীক্ষা এবং শেষ পর্যন্ত মাকে ফিরে পাওয়ার আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন পারিবারিক নাটক ‘মায়ের খোঁজে কোটিপতি সন্তান’। নাটকটি মুক্তি পেয়েছে KB DRAMA-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নাটকটি পরিচালনা করেছেন এ এস ইমন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সুজন ইসলাম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাশার। তাঁর বিপরীতে অভিনয় করেছেন আদ্রিতা সোনিয়া। মায়ের চরিত্রে রয়েছেন জিনাত সুলতানা পুনম এবং বাবার চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দীপ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এম এম রহমান, মুনিরা আক্তার মুন্নি, আমিরসহ আরও অনেকে।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে এমন এক সন্তানকে ঘিরে, যে ছোটবেলা থেকেই তার মাকে খুঁজে বেড়ায়। মায়ের স্নেহ, ভালোবাসা ও পরিচয়ের সন্ধানে কেটে যায় তার জীবনের দীর্ঘ সময়। নানা প্রতিকূলতা, অপেক্ষা ও আবেগের পথ পেরিয়ে একসময় সে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া মাকে। দীর্ঘ প্রতীক্ষার পর মা-সন্তানের এই পুনর্মিলন তৈরি করে এক হৃদয়স্পর্শী মুহূর্ত।
নাটকটির বিশেষ দিক হলো, এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও পালন করেছেন খাইরুল বাশার নিজেই। নতুন এই উদ্যোগের মাধ্যমে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।
নাটকটি প্রসঙ্গে খাইরুল বাশার জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের পারিবারিক ও জীবনঘনিষ্ঠ গল্পের নাটকে কাজ করতে চান। অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান তিনি।
পারিবারিক সম্পর্ক, মা-বাবার প্রতি সন্তানের ভালোবাসা, বিচ্ছেদ এবং দীর্ঘ প্রতীক্ষার পর পুনর্মিলনের আবেগ—সবকিছু মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা নির্মাতাদের।
‘মায়ের খোঁজে কোটিপতি সন্তান’ নাটকটি এখন দেখা যাচ্ছে KB DRAMA-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এফপি/মিব