Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

অপু-পরীমনির পাল্টাপাল্টি খোঁচায় তোলপাড় শোবিজ অঙ্গন

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম  (ভিজিটর : ৩৯)

ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে বিরোধ নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে মন্তব্য ও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। এবার নতুন করে দুই অভিনেত্রীর কথার লড়াই সামনে এসেছে।

সাম্প্রতিক এই বিরোধের সূত্রপাত অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে। একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা পরীমনির সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে জানতে চাইলে অপু বলেন, একজন শিল্পীর জীবনযাপন সব সময় পরিপাটি ও গোছানো হওয়া প্রয়োজন। তার এই বক্তব্য ভালোভাবে নেননি পরীমনি।

এরপর ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের অবস্থান তুলে ধরেন অপু। সেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যকার পার্থক্য তুলে ধরেন। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান তিনি।

অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। সেখানে অপু বিশ্বাসকে উদ্দেশ করে তীর্যক মন্তব্যের পাশাপাশি ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন তিনি।

এবার পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনির নাম উল্লেখ না করেই তার সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

অপু দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ হয়েছে। বাকি পাঁচটির কয়েকটি এখনো নির্মাণাধীন, আর সেগুলোও উল্লেখযোগ্যভাবে আলোচনায় আসেনি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনিও। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন ‘স্বপ্নজাল’ সিনেমার এই অভিনেত্রী।

দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ নিয়ে শোবিজ অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে। কাজের বাইরের ব্যক্তিগত বিরোধ প্রকাশ্যে আসায় অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। চলচ্চিত্রশিল্পের নানা সংকটের মধ্যে তারকাদের এমন দ্বন্দ্ব বিনোদন অঙ্গনের ভাবমূর্তি নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝