সুন্দরবনের খুলনার কয়রা অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা। রোববার (১৫ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
পরে জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/মিব