চার বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শুরুতে ফিল্ডিং করবে।
এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাহফিজুল ইসলামের। রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হেরে ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে শান্তদের। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচটি ড্র হয়। তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরির পরও জয় পায়নি বাংলাদেশ।
ফাইনালের আশা টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই জিততে হবে বাংলাদেশকে। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও জয় প্রয়োজন হবে।
তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় পাওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দুই দলের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ১৬ ম্যাচের ১৪টিতেই হেরেছে বাংলাদেশ, বাকি দুটি হয়েছে ড্র। দক্ষিণ আফ্রিকার মাটিতে আটবার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হয়েছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম, মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
এফপি/অ