জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী—উভয় বিভাগে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। দুর্দান্ত নৈপুণ্য, শক্তিমত্তা ও কৌশলগত দক্ষতার স্বাক্ষর রেখে ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দ্বৈত শিরোপা জিতেছে বাহিনীর ক্রীড়াদল।
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে গত ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা।
পুরুষ বিভাগে ১০টি ওজন শ্রেণিতে ৮৪ জন কুস্তিগীর অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে দলগত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে আনসার-ভিডিপি। এ বিভাগে বাহিনীর কুস্তিগীররা ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদকসহ মোট ১০টি পদক অর্জন করেন।
অন্যদিকে, নারী বিভাগেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন আনসার-ভিডিপির নারী কুস্তিগীররা। ১০টি ওজন শ্রেণিতে ৫৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিভাগে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদকসহ মোট ১০টি পদক জিতে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা।
পুরুষ ও নারী—উভয় বিভাগ মিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আনসার-ভিডিপি সর্বমোট ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এর মধ্য দিয়ে জাতীয় কুস্তিতে নিজেদের শক্তিশালী অবস্থানের পুনরায় প্রমাণ দিল বাহিনীর ক্রীড়াদল।
এ অসাধারণ সাফল্যে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
গত দুই বছরেরও বেশি সময়ে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের পরিবেশ নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি নিজ দপ্তরে খেলোয়াড়দের ডেকে সরাসরি দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জুগিয়েছেন। মহাপরিচালকের নিবিড় তত্ত্বাবধান, পৃষ্ঠপোষকতা ও সময়োপযোগী দিকনির্দেশনা খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও পারফরম্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, আনসার-ভিডিপি ক্রীড়াদল ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনের মাধ্যমে বাহিনী তথা দেশের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত রাখবে।
এফপি/মিব