Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

এমপি নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের সম্ভাবনা নাকচ পল্লী বিদ্যুতের

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।

এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) তোজাম্মেল হক। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেন।

জানা গেছে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে কমিটির আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘আজ থেকে আমাদের কর্মদিবস শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা দ্রুত তদন্তকাজ শেষ করে প্রতিবেদন জমা দেব।’

এদিকে শুক্রবার বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেন।

তিনি জানান, ঘটনার পরপরই রাতে তিনি নিজে নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় দেখতে পান। পাশাপাশি যে ট্রান্সফরমার থেকে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজও অক্ষত ছিল।

তোজাম্মেল হকের ভাষ্য, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এ ঘটনায় সেগুলোর কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা পাওয়া যায়নি। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

অন্যদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন ব্যক্তির বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি এবং বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে তদন্তকাজ চালাচ্ছি। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে। তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটির মূল লক্ষ্য প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝