স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে নওগাঁর ধামইরহাটে দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের উদ্যোগে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ধামইরহাট সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) কমিটির সদস্যরা অংশ নেন। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জনকুমার ঘোষ প্রশিক্ষণটি পরিচালনা করেন। এতে ধামইরহাট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও ও সিটিজেন গ্রুপের নির্বাচিত ২৭ জন প্রতিনিধি, ইএসডিওর কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের সক্ষমতা তৈরি করা। পাশাপাশি জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের দায়িত্ব এবং জবাবদিহিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে নাগরিক সমাজের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময় ও দলীয় কাজ উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় সমস্যা, সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব পর্যালোচনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্মিলিত উদ্যোগ গ্রহণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চাহিদাভিত্তিক নাগরিক সেবা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।
এফপি/মিব