Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম  (ভিজিটর : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম ও যন্ত্রপাতি নিয়ে সংস্থাটির নয় সদস্যের বিশেষজ্ঞ দল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

শুক্রবার সকালে বাপেক্সের সরঞ্জামবাহী একাধিক যানবাহন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুসংলগ্ন এলাকায় পৌঁছায়। সেখানে গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভূগর্ভস্থ গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বিশ্লেষণের কাজ করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে অব্যাহতভাবে জ্বলছে আগুন।

ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি সম্পর্কে ধারণা পেতে প্রায় ১৫ দিন ধরে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে শুক্রবার প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের বিশেষজ্ঞ দল।

দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুন যেভাবে জ্বলছে, তা আর এভাবে চলতে দেওয়া ঠিক হবে না। পরিকল্পিত ও নিরাপদ পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে একটি রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর আগে বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, যথাযথ কারিগরি প্রস্তুতি ছাড়া জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের স্বার্থে আগুন জ্বলতে দেওয়া হয়েছিল।

এদিকে বাপেক্সের গবেষণাগারে সংগৃহীত নমুনা পরীক্ষা করে গ্যাসটিকে থার্মোজেনিক গ্যাস হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ, এ ধরনের গ্যাসের উপস্থিতি ওই এলাকায় বাণিজ্যিক গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তবে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও কারিগরি অনুসন্ধান ও পরীক্ষা প্রয়োজন। সম্ভাবনা নিশ্চিত হলে ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

এদিকে গ্যাস উদ্‌গিরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ঘটনার পর থেকেই প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণসহ সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাপেক্সের বিশেষজ্ঞ দল আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ নির্ণয়, ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং ভবিষ্যতে নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে।

টানা ১৮ দিন ধরে গ্যাসের আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এখন বাপেক্সের বিশেষজ্ঞ দলের কারিগরি উদ্যোগে আগুন কত দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ইনানীর ভূগর্ভে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা জানার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝