Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

মান্দায় জমি বিরোধে দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে জখম, নিরাপত্তাহীনতায় পরিবার

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সশস্ত্র হামলার শিকার একটি পরিবার চিকিৎসা শেষে বাড়ি ফিরেও নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রভাবশালী আসামিদের পক্ষ থেকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে পরিবারটির সদস্যদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ঘটনায় আহত মো. আ. মতিন বাদী হয়ে গত ৫ নভেম্বর পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে মান্দা থানায় এজাহার দেন। পরে ১২ নভেম্বর বৃহস্পতিবার রাতে এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

এর আগে ৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জামদই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন বাদীর বাবা মো. মমতাজ হোসেন (৫০) ও মা মোছা. মুক্তা খাতুন (৪৫)। প্রথমে তাঁদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সম্প্রতি তাঁরা বাড়িতে ফিরেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জামদই গ্রামের বাসিন্দা আ. মতিনের পরিবারের সঙ্গে একই গ্রামের মো. হযরত আলী ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে হযরত আলী (৬৫), তাঁর ছেলে মো. আরিফুল ইসলাম (৩৫), মো. তোফাজ্জল হোসেন (৪৭), মো. সোহেল রানা (৩৮) ও মো. সিয়াম ওরফে শাওনসহ (২১) কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বসতবাড়ির খলিয়ানে অনধিকার প্রবেশ করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, এ সময় বাধা দিলে হযরত আলীর নির্দেশে আরিফুল ইসলাম ধারালো হাঁসুয়া দিয়ে মমতাজ হোসেনের মাথায় কোপ দেন। পরে সোহেল রানা ও তোফাজ্জল হোসেন লোহার শাবল ও লাঠিসোঁটা দিয়ে মমতাজ হোসেন ও তাঁর স্ত্রী মুক্তা খাতুনকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা মমতাজ হোসেনের পকেট থেকে ব্যবসার নগদ ৫৬ হাজার ৩১৩ টাকা ছিনিয়ে নেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা দায়েরের পর থেকেই তা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর তাঁদের আতঙ্ক আরও বেড়েছে। যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা। এ অবস্থায় তাঁরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

মামলার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।’

এফপি/মিব 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝