খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা তা কঠোরভাবে প্রতিহত করবেন।
তিনি বলেন, হাজার হাজার রাজনৈতিক কর্মী ও ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনাকে পাসপোর্টের মাধ্যমে নয়, বরং বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে বিএনপি সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে যারা বাধা সৃষ্টি করছে, তাদের আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবি মামলা দিয়ে বিএনপির শত শত নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতনের শিকার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাকোপ উপজেলাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে চান। কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেন।
পুলিশ প্রশাসনের উদ্দেশে বাপ্পী বলেন, আবেগতাড়িত হয়ে নয়, আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। অপরাধীর পরিচয় বিবেচনা না করে তাকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিগত সময়ে যারা জুলুম, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত ছিলেন, কেন্দ্র দখল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অপরাধীদের পক্ষ নিয়ে কেউ তদবির বা সহযোগিতা করলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক সদস্যসচিব আল-আমিন সানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকরামুল সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম ও দীপক কুমার, শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব কাজী, বিল্লাল হোসেন মোল্লা ও হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এফপি/মিব