Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

যশোরে খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকোরেক্স, গ্রেপ্তার ২

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : ৪২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৫৯৬ বোতল ভারতীয় মাদক উইনকোরেক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীকোনা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মো. আব্দুল বারীর ছেলে মো. জাকির হোসেন (৩২) এবং একই গ্রামের মো. শহীদ আলীর ছেলে মো. মহিনুর ইসলাম (৩৩)।

এসআরবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টা ৫৫ মিনিটে শ্রীকোনা গ্রামের মহেষভাঙ্গা খালের পাশে চতুর আলী নামে এক ব্যক্তির খড়ের গাদায় অভিযান চালানো হয়। এ সময় খড়ের গাদার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৯৬ বোতল উইনকোরেক্স উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের বিষয়ে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝