Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

শীতের আগমনী বার্তা নিয়ে রাজধানীতে ‘নভেম্বর রেইন’

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিটর : ৩৮)

সারাদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। 

সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ মেঘলা হতে শুরু করে এবং বিকালের দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।

এতে জনজীবনে যেমন মিলেছে স্বস্তি, তেমনি ঢাকার তাপমাত্রাও কমেছে প্রায় ৮ ডিগ্রি। এমন ঝুম ‘নভেম্বর রেইন’-এর ফলে শীতল হাওয়ার অনুভূতি যেন শীতের আগমনী বার্তাই দিয়ে গেল রাজধানীবাসীকে। নিউমার্কেট, ফার্মগেট, পুরান ঢাকা, উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

একই সঙ্গে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টির খবর পাওয়া গেছে। সারাদিনের গরমের পর বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় বজ্রপাতও হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এর আগে সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নভেম্বর মাসে বৃষ্টির ঘটনা অস্বাভাবিক নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ঋতুচক্র অনুযায়ী, এ সময়ে সাগরে নিম্নচাপ বা লঘুচাপের প্রভাবে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি হতে পারে। নভেম্বরের বৃষ্টির পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করে, অনুভূত হয় শীতের আমেজ।

উল্লেখ্য, ‘নভেম্বর রেইন’ শুধু বৃষ্টির নাম নয়, এটি বিশ্ববিখ্যাত মার্কিন রক ব্যান্ড গানস এন’ রোজেসের একটি কালজয়ী গানের নামও। ১৯৯১ সালে প্রকাশিত ব্যান্ডটির ‘ইউজ ইওর ইলিউশন আই’ অ্যালবামে গানটি স্থান পায়। পরে ১৯৯২ সালে গানটি এককভাবেও প্রকাশিত হয়। হার্ড রক ও ক্ল্যাসিক রকের মিশেলে তৈরি এই পাওয়ার ব্যালাড নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বিশেষ করে ‘Nothin' lasts forever,...even cold November rain’—গানের এই পঙ্‌ক্তিটি শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। সময়ের সঙ্গে গানটি কালজয়ী হয়ে উঠেছে। তাই নভেম্বরের বৃষ্টি নামলেই প্রকৃতির পাশাপাশি সংগীতপ্রেমীদের মনেও বেজে ওঠে সেই পরিচিত সুর।

এফপি/অ 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝