Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

১১তম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী, ১১তম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে ৩ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পেশাগত উৎকর্ষ বজায় রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে আর্টিলারি রেজিমেন্টের পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন। পরে তিনি রেজিমেন্টের প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি রেজিমেন্টের সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি, পাঁচ দশকের দীর্ঘ পথচলায় সেনাসদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংশ্লিষ্ট সকল সদস্যের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় তাঁকে শহীদ মেজর নজমুল হক প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আর্টিলারি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে কর্নেল কমান্ড্যান্টের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; কর্নেল কমান্ড্যান্ট ও বিজিবি মহাপরিচালক; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা; আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝