Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

কাতারে দায়িত্ব পালনে ২৪ নৌসদস্যের ঢাকা ত্যাগ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম  (ভিজিটর : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে তাঁরা ঢাকা ছাড়েন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থাটিতে তাঁরা তিন বছর মেয়াদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠায় নৌবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় নতুন করে নিয়োগপ্রাপ্ত ২৪ নৌসদস্য কাতারে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

যাত্রার আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে নিয়োজিতব্য নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে তাঁদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিতভাবে নৌসদস্য পাঠিয়ে আসছে। নিয়োজিত নৌসদস্যরা তাঁদের দক্ষতা, পেশাদারত্ব, কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনে সুনামের মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

কাতারে নিয়োজিত নতুন সদস্যরা দেশটির উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন সামুদ্রিক নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবেন।

তাঁদের এ দায়িত্ব পালনের মাধ্যমে কাতারের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও অভিজ্ঞতার সংযোজন ঘটবে। পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারত্ব ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি জাতীয় রেমিট্যান্স প্রবাহেও তাঁরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কাতারে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌসদস্যদের এ যাত্রা নৌবাহিনীর পেশাগত উৎকর্ষ এবং আন্তর্জাতিক অঙ্গনে অবদানের ধারাবাহিকতায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝