ভোলায় দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মেডিপ্লাস ওরাল হেলথের সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পেইনে ২২০ জন রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ নভেম্বর দুই দিনব্যাপী কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এবং মেডিপ্লাস ওরাল হেলথের সৌজন্যে ভোলার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বিনামূল্যে দন্ত চিকিৎসা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে মোট ২২০ জন রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের মধ্যে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
এফপি/মিব