Dhaka, Thursday | 5 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 5 November 2026 | English
শিরোনাম:

মান্দায় ইসিসিসিপি-ড্রট প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে ২৩ হাজার গাছের চারা বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও বরেন্দ্র অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা। উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে ২৩ হাজার ৩৮০টি গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আন্তর্জাতিক সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বাস্তবায়িত ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট’ (ইসিসিসিপি-ড্রট) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে নিম, জলপাই, আমড়া, কাঁঠাল ও কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

বুধবার দুপুরে উপজেলা সদরের রেবা আখতার আলিম মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে। বিশেষ করে তীব্র খরা ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া উদ্বেগের বিষয়। এ সংকট মোকাবিলায় নতুন প্রজন্মকে এখন থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। প্রত্যেকে অন্তত পাঁচটি করে গাছ রোপণ ও যথাযথ পরিচর্যা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ইসিসিসিপি-ড্রট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয়, শুধু বৃক্ষরোপণ নয়, বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রকল্পের আওতায় একাধিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে পরিত্যক্ত পুকুর ও খাল পুনঃখনন, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রমের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণ, কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ এবং গ্রামীণ নারীদের বসতবাড়িতে সবজি চাষে সহায়তা প্রদান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি, সংস্থার কর্মকর্তা ও মাদ্রাসার অধ্যক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার পশ্চিম জোনের জোনাল ম্যানেজার আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল ইসলাম ও রুমেলা খাতুন, রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর, সহকারী শিক্ষক নজরুল ইসলাম এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২২ থেকে ২৮ জুন পর্যন্ত উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ৭ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ করা হয়েছিল। বিতরণ করা চারার মধ্যে ছিল নিম, সফেদা, অর্জুন, মিষ্টি আমড়া ও জলপাই। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পুষ্টিনিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এসব প্রজাতি নির্বাচন করা হয়। চারা রোপণের পর যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় গাছে পরিণত করতে পারলে সংশ্লিষ্টদের বিশেষ পুরস্কার দেওয়ার ব্যবস্থাও রেখেছে সংস্থাটি।


এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝