Dhaka, Wednesday | 4 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 4 November 2026 | English
শিরোনাম:

দুই সপ্তাহের ব্যবধানে

আগামীকাল খুলনা-মোংলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ১:৫৬ পিএম  (ভিজিটর : ৩৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র মোংলা বন্দর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় তাঁর মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ২২ অক্টোবর তিনি মোংলা বন্দর ও সুন্দরবন এলাকা পরিদর্শন করেছিলেন।

প্রধানমন্ত্রীর এবারের সফরকে কেন্দ্র করে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নেওয়া গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে চীনের অর্থায়ন ৩ হাজার ৫৯৩ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের অর্থায়ন ৪৭৫ কোটি টাকা।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানিয়েছেন, প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের একটি আধুনিক কনটেইনার টার্মিনাল ও প্রয়োজনীয় ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বিপজ্জনক পণ্য (ডেঞ্জারাস কার্গো) নিরাপদে ওঠানামা ও ব্যবস্থাপনার জন্য বিশেষ সুবিধা রাখা হবে।

নতুন কনটেইনার ইয়ার্ডে যুক্ত করা হবে ৪৯টি আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম। এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার ওঠানামা করা সম্ভব হবে। প্রকল্পটি সম্পন্ন হলে মোংলা বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা চার লাখ টিইইউতে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। টিইইউ বলতে ২০ ফুট দৈর্ঘ্যের সমমানের কনটেইনার বোঝায়।

বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন জেটি ও আধুনিক যন্ত্রপাতি যুক্ত হলে পণ্য ওঠানামার সময় কমবে, বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একই দিন মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, চীনের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মোংলা বন্দরকে ঘিরে আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হবে।

তিনি বলেন, রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে রেলপথে পণ্য পরিবহন করে বন্দরে আনা সহজ হবে। এতে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।

এরপর তিনি খুলনায় পৌঁছে জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। খুলনার এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, মোংলা বন্দরের আধুনিকায়ন, নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়ে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে মোংলা বন্দর।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝