দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের স্বার্থ রক্ষা এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক অবস্থান নিয়েছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে তাঁরা শিল্পাঞ্চলে অবস্থান নেন।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে দিনভর নেতাকর্মীরা বিভিন্ন কারখানার আশপাশে অবস্থান করেন এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারি চালান।
কর্মসূচিতে সিরাজুল ইসলাম সাথী বলেন, "জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করতে একটি চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির স্পষ্ট নির্দেশনা রয়েছে—গাজীপুরের শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতা বরদাশত করা হবে না। সাধারণ শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে আমরা সতর্ক অবস্থান অব্যাহত রাখব।"
এফপি/মিব