যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কার্গো ইয়ার্ডের অভ্যন্তরে রাত্রিকালীন দায়িত্ব পালনকালে এ মদ উদ্ধার করা হয়।
জানা যায়, দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. হেলাল উদ্দিন স্থলবন্দরের প্রাচীরসংলগ্ন স্থানে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের সিনিয়র এপিসি মো. হাফিজুল ইসলাম, এপিসি মো. রাকিব হাসান ও এপিসি তাপস বিশ্বাসকে অবহিত করেন।
পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাচীরসংলগ্ন স্থান থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মদগুলো স্থলবন্দরের অভ্যন্তর থেকে বাইরে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।
আনসার সদস্যদের সতর্ক নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে সম্ভাব্য পাচারের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরে উদ্ধারকৃত ৪ বোতল মদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এফপি/অ