মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক ঘনিষ্ঠতার ভিডিও গোপনে ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে আরো জানান, নূর আলম শেখ টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করতেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে তার বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সুযোগে শিশুটির মায়ের সঙ্গে প্রলোভনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে তাঁদের শারীরিক সম্পর্কের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।
প্রায় এক মাস আগে তাঁদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি তাঁকে ইমামতি থেকে অব্যাহতি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন নূর আলম। একপর্যায়ে ধারণ করা অশ্লীল ভিডিওটি গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য চাপ দেন। অন্যথায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে পুলিশের ভাষ্য।
পুলিশ সুপার জানান, এ বিষয়ে সংবাদ পাওয়ার পর ১ নভেম্বর বিকেল ৪টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদ ও এসআই রেজাউল কাজীসহ ডিবির একটি দল শ্রীনগরের ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক।
এ ঘটনায় নূর আলম শেখের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার মো মেনহাজুল আলম।
এফপি/অ