Dhaka, Sunday | 1 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 November 2026 | English
শিরোনাম:

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভে মেট্রোরেলের ৫ স্টেশন বন্ধ

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০৯ পিএম  (ভিজিটর : ৪১)

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মিরপুরের পাঁচটি স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাকশ্রমিকরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, মিরপুর-১১ ও পল্লবীসহ আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

সংঘর্ষের পর থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী- মেট্রোরেলের এই পাঁচটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এদিকে আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। বিচারপতি শেখ আশফাকুর রহমানকে প্রধান করে এ বোর্ড গঠন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, মজুরি বোর্ড দ্রুততম সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে।

বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের একটি দাবি পূরণ হয়েছে উল্লেখ করে তাদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝