Dhaka, Saturday | 31 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 October 2026 | English
শিরোনাম:

নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছের টব বসাল ডিএসসিসি

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানের অংশ হিসেবে নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেটসংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়ক দখলমুক্ত করা হয়।

দখলমুক্ত ফুটপাত যাতে পুনরায় বেদখল না হয় এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায়, সে জন্য সেখানে সাময়িকভাবে ফুল ও বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের টব স্থাপন করা হয়েছে।

অভিযান চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, "আমরা বারবার সংশ্লিষ্টদের অনুরোধ করছি, যাতে তাঁরা সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা না করেন। এরপরও কেউ সড়ক দখল করে বসলে তাঁদের মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। তাঁদের সহযোগিতায় নিশ্চিত করতে হবে, যেন কোনোভাবেই সড়কের ওপর অবৈধভাবে কেউ বসতে না পারেন।"

তিনি আরও বলেন, "নিউমার্কেট এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজারো মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই পুরো এলাকা পরিষ্কার -পরিচ্ছন্ন রাখা এবং জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো অবস্থাতেই জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।"

হকার নীতিমালায় হকারদের সার্ভিস চার্জ প্রসঙ্গে প্রশাসক জানান, "হকারদের পক্ষ থেকে সার্ভিস চার্জ কমানোর যে দাবি জানানো হয়েছে, তা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী তালিকা প্রণয়ন করা হবে। তালিকার বাইরে কাউকে কোথাও বসার সুযোগ দেওয়া হবে না।"

পরিশেষে এলাকার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন এবং সর্বস্তরের মানুষকে ডিএসসিসিকে সহযোগিতা করার আহ্বান জানান প্রশাসক।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝