Dhaka, Saturday | 31 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 31 October 2026 | English
শিরোনাম:

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ২৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে নদী ও সাগরে জাটকা আহরণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত আট মাসব্যাপী এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ (২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬' বাস্তবায়ন করা হয়। এ সময় ডিমওয়ালা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করছে। এসব পোনা বয়সের একটি নির্দিষ্ট সময় (৫-৮ মাস) পর্যন্ত জাটকা হিসেবে পরিচিত থাকে। এ সময় ইলিশের পোনা নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব পোনা নিরাপদে বড় হতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝