যশোরের কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কমলাপুর- ব্রাহ্মণডাঙ্গা গ্রামের কৃষক আফসার গাজী পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটতে যায়। এ সময় সিরাজ মোল্লার মৎস্য ঘেরের পাশে ধান ক্ষেতের নালায় নারী পুরুষের লাশ দেখতে পায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন কেশবপুর থানা পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ঘের মালিক সিরাজ মোল্লা জানান, লাশ উদ্ধারের দুই দিন আগেও অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি ওই নালায় পানি খরচ করেছেন, ঐদিন রাতেই এই ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা। পরে কেশবপুর থানা পুলিশের পাশাপাশি ডিবি, পিবিআই, সিআইডি সদস্যরা এ রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং লাশ উদ্ধারপূর্বক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করেন। একপর্যায়ে নিহত নারী-পুরুষের মরদেহের পরিচয় শনাক্ত হয় তাঁরা স্বামী-স্ত্রী। ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার দূরে মাগুরখালি গ্রামের মৃত জোবান আলী সর্দারের ছেলে নিহত আলেক সর্দার (৪৫) ও তাঁর স্ত্রী মাজেদা বেগম (৩৮)।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/অ