ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে নিলুফা বেগম (৪৬) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মর্তুজ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধরন্তী চাকসার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে। তাঁর স্বামী মর্তুজ আলী চাকসার গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে নিলুফা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী। ঘটনার পর স্থানীয় লোকজন মর্তুজ আলীকে আটক করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. হুমায়ুন মিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/মিব