নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির সদস্যরা সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রেজাউল ইসলাম মন্টু, মকবুল হোসেন (৪), তৈয়ব আলী, কার্যকরী কমিটির সভাপতি আব্দুল হাসিব, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক নওসেদুর রহমান এবং সদস্য ইসমাইল, মোজাহার আলী, মামুনুর রশিদ, মোজাম্মেল হক ও আতাউর রহমান।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রসাদপুর দলিল লেখক সমিতি চত্বরে সাবেক সভাপতি রেজাউন নবী চঞ্চল ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ অন্যান্য সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন নতুন কমিটির সদস্যরা। এ সময় দায়িত্ব হস্তান্তর কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
পরে আয়োজিত মতবিনিময় সভায় নতুন দায়িত্বপ্রাপ্তরা সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নতুন কমিটি গঠনে সহযোগিতার জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতি লিমিটেডের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি এবং তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রসাদপুর দলিল লেখক সমবায় সমিতির কার্যক্রম নিয়ে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ছাড়া সাধারণ সদস্যদের মধ্যেও বিদ্যমান কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ বিরাজ করছিল। সার্বিক পরিস্থিতি ও সদস্যদের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন অনুমোদিত কমিটিকে সমিতির নিয়মকানুন ও গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সমিতির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হাসিব। অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আসলাম আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অরুণ কুমার, সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। পরবর্তী সময়ে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে সহসাংগঠনিক সম্পাদক হিসেবে নওসেদুর রহমান এবং সদস্য হিসেবে আতাউর রহমানের নাম যুক্ত করা হয়।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসমাইল হোসেন, ইসরাফিল আলম, মোজাহার আলী, মামুনুর রশিদ, আল আমিন (১) ও মোজাম্মেল হক। অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন রেজাউল করিম মন্টু, মকবুল হোসেন ও তৈয়ব আলী।
গণবিজ্ঞপ্তিতে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন কমিটিকে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমিতির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এফপি/মিব