রাজশাহীর তানোরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী জেলা শাখার প্রতিনিধিদের সঙ্গে স্থানীয় পরিবেশকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে স্থানীয় পরিবেশকর্মীদের মতামত ও সম্মতির ভিত্তিতে বাপার তানোর উপজেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তানোর থানা মোড় বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকারকে সভাপতি, সমাজকর্মী ও সাংবাদিক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান। এতে সভাপতিত্ব করেন বাপার রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি ও সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বাপার পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম এবং সদস্য শাহনাজ পারভীন ও হেলেন খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন তানোর পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনি, প্রভাষক আব্দুর রাহীম, সাংবাদিক নয়ন কুমার, সৈয়দ মাহমুদ শাওন, পাপ্পু কুমার, সমাজকর্মী মতিউর, ষষ্ঠী শীলসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
সভায় নবগঠিত কমিটির নেতারা 'নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগানকে সামনে রেখে নদী, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা ও জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য বাপার রাজশাহী জেলা শাখায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এফপি/মিব