Dhaka, Sunday | 1 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 November 2026 | English
শিরোনাম:

সততা ও সাহসিকতায় দৃষ্টান্ত স্থাপন আনসার সদস্যদের

ঢামেকে চোর আটক, মিটফোর্ডে হারানো ৪ হাজার টাকা উদ্ধার করে মালিককে ফেরত

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম  (ভিজিটর : ১২)

রাজধানীর দুটি সরকারি হাসপাতালে দায়িত্ব পালনকালে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে হারিয়ে যাওয়া ৪ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন তাঁরা।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ২০০ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের এক রোগীর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সলেমান নামের এক ব্যক্তিকে আটক করেন দায়িত্বে থাকা আনসার সদস্য মো. কবির ও আল আমিন।

আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মালামাল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাদীসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে মিটফোর্ড হাসপাতালের ১ নম্বর (জরুরি বিভাগ) গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার টাকা উদ্ধার করেন টহলরত আনসার সদস্য এপিসি মো. হাসান, আনসার মো. সাইদুল ইসলাম ও আনসার মো. মোয়াজ্জেম।

টাকা উদ্ধারের পর তাঁরা তাৎক্ষণিকভাবে হাসপাতালজুড়ে বিষয়টি প্রচার করেন, যাতে প্রকৃত মালিক টাকার সন্ধান পান। এর প্রায় আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর থেকে আসা ফজলুল হক নামের এক ব্যক্তি প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করে টাকার মালিকানা দাবি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা ৪ হাজার টাকা তাঁর হাতে তুলে দেওয়া হয়।

রাজধানীর ব্যস্ত সরকারি হাসপাতালগুলোতে রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিয়ে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। তাঁদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা জনমনে আস্থা তৈরির পাশাপাশি বাহিনীর ভাবমূর্তিকেও উজ্জ্বল করছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝