খুলনার পাইকগাছায় গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু। কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপির আহ্বায়ক এম. আজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সহসম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার, ৪ নম্বর কপিলমুনি ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলা থেকে আসা শত শত নারী-পুরুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। ডা. আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন।
ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি শনাক্তকরণ, চশমা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় সাতক্ষীরায় নেওয়ার ব্যবস্থা করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। দিনব্যাপী এ ক্যাম্প স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এফপি/মিব