কুড়িগ্রামের চিলমারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আমিনা ইসলাম সুপ্তিকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় প্রতিষ্ঠান ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। কৃতী এই শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়ার পাশাপাশি আপ্যায়ন করা হয় বিশেষ পিজ্জা দিয়ে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সুপ্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাহফুজার রহমান মঞ্জু ও জেনারেল ম্যানেজার এস এম রাফি। এ সময় সুপ্তির পরিবারের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার এস এম রাফি বলেন, চিলমারীতে এবারের এইচএসসি পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন করে সুপ্তি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিকূলতার মধ্যেও তার কঠোর পরিশ্রম ও মেধা পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে। এলাকার মেধাবী ও গুণীজনদের পাশে থাকতে ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট সব সময় গর্ববোধ করে। এ আয়োজন সুপ্তির ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাহফুজার রহমান মঞ্জু বলেন, সুপ্তি শুধু তার পরিবার নয়, পুরো চিলমারী উপজেলার গর্ব। তার অর্জনকে উদ্যাপন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা ও বিশেষ পিজ্জা আপ্যায়নের আয়োজন করা হয়েছে। তিনি সুপ্তির সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সংবর্ধনা পেয়ে আমিনা ইসলাম সুপ্তি বলেন, ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দেওয়া সম্মাননা ও বিশেষ আপ্যায়নে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তিনি দেশের ও মানুষের কল্যাণে কাজ করতে সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সুপ্তি চিলমারী উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি রমনা মডেল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম সুইটের মেয়ে।
এফপি/মিব