নড়াইলে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন মডেলের ৩৬টি হারানো স্মার্টফোন উদ্ধার করে সিসিআইসি। সেলটিতে কর্মরত এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য এ উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। তাঁরা জানান, হারিয়ে যাওয়া ফোনগুলো ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোনগুলো ফিরে পেয়ে তাঁরা আনন্দিত ও কৃতজ্ঞ।
ভুক্তভোগীরা আরও জানান, মোবাইল ফোন হারিয়ে গেলে তাঁরা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে তাঁদের হারানো ফোন উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা। মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এফপি/মিব