রাজধানীর যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নে মেগা প্রকল্প- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দপ্তর।
প্রকল্পের রুট অ্যালাইনমেন্টে বিদ্যমান বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি অপসারণ ও নির্মাণকাজ সংশ্লিষ্ট উদ্ভূত প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় সেতু বিভাগের সম্মেলন কক্ষে এক সভা হয়।
সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এতে সভাপতিত্ব করেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেবাদানকারী সংস্থার প্রতিনিধি, প্রকল্পের ইউটিলিটি অপসারণ/প্রতিস্থাপনের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি, প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক ও পরিচালক (প্রশাসন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্প দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কাজের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলামোটর থেকে কাঁটাবন পর্যন্ত ঢাকা ওয়াসার ৪০০ মিলিমিটার ব্যাসের ১ হাজার ২৪৫ মিটার পানি সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ দ্রুত বাস্তবায়নে ঢাকা ওয়াসাকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
একই সঙ্গে বাংলামোটর থেকে পলাশী পর্যন্ত ডিপিডিসির ৩৩ কেভি ভূগর্ভস্থ এবং ১১ কেভি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের ক্ষেত্রে একই স্থানে বারবার রাস্তা খনন পরিহার, সরকারি অর্থের অপচয় রোধ ও জনদুর্ভোগ কমাতে সমন্বিতভাবে কাজ শেষ করার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।
প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ পান্থকুঞ্জ পার্কে নির্মিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উচ্চতা কমানো এবং সোনারগাঁও ইএন-২ র্যাম্প নির্মাণের জন্য বক্স কালভার্ট-এর ওপেনিং পুনঃস্থাপনে প্রয়োজনীয় নকশা দ্রুত প্রকল্প দপ্তর ও ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে (২৪ ইসিবি) সরবরাহ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়।
পাশাপাশি মালিবাগ রেলক্রসিং থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে রেললাইনের উত্তর পাশে অতীশ দীপংকর সড়ক সংলগ্ন ফুটপাত বরাবর ৬৯০ মিটার ড্রেন নির্মাণের লক্ষ্যে বাস্তবতার নিরিখে দ্রুত সংশোধিত নকশা সরবরাহের জন্যও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়। এছাড়া নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত বিটিসিএলের টেলিযোগাযোগ লাইন অপসারণে যৌথ পরিদর্শনের মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত প্রাক্কলন প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
রেলওয়ের জমিতে অবস্থিত অননুমোদিত স্থাপনার কারণে প্রকল্প কাজ ব্যাহত হওয়ার বিষয়েও সভায় জরুরি নির্দেশনা প্রদান করা হয়। কমলাপুর আইসিডি সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের জমিতে অবস্থিত অননুমোদিত ট্রাক স্ট্যান্ডটির কারণে কমলাপুর আপ-র্যাম্পের নির্মাণকাজ থমকে থাকায় তা দ্রুত অপসারণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত সব ইউটিলিটি সংস্থার ইউটিলিটি লাইনগুলো সরেজমিনে যাচাই করে প্রাক্কলন প্রস্তুত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার প্রতি গভীর অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর প্রত্যাশার এক অন্যতম মেগা প্রকল্প। জনভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে সব ধরনের প্রতিবন্ধকতা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। তিনি সরকারি সম্পদের সঠিক ব্যবহার, জনভোগান্তি লাঘব ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতিটি সংস্থা নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এফপি/অ