বাতিল হয়ে যাওয়া একটি অধ্যাদেশের ভিত্তিতে তৎকালীন সরকার মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করেছিল বলে দাবি করেছেন প্রকল্পটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান ড. এম. এম. এমরান চৌধুরী। তাঁর মতে, প্রকল্পটির আইনি জটিলতা, প্লটগ্রহীতাদের স্বার্থ এবং সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্তের আইনগত ভিত্তি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন। দীর্ঘদিনের জটিলতা নিরসনে আইনসম্মত উদ্যোগের মাধ্যমে প্লটগ্রহীতাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন এলাকায় অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন ব্লকের প্লটগ্রহীতা, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ড. এম. এম. এমরান চৌধুরী বলেন, মধুমতি মডেল টাউনকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু বিভিন্ন সময়ে আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। এতে বহু প্লটগ্রহীতা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের কষ্টার্জিত অর্থের বিনিয়োগ ও আবাসনের স্বপ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যার ন্যায়সংগত সমাধান জরুরি।
তিনি আরও বলেন, প্রকল্পের অতীত ইতিহাস, সংশ্লিষ্ট আইন, অধ্যাদেশ এবং আদালতের সিদ্ধান্তের প্রেক্ষাপট নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। কোনো সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন থাকলে তা যথাযথ তথ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। ব্যক্তিগত বিরোধ কিংবা পারস্পরিক দোষারোপ নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহি ও আইনসম্মত উদ্যোগের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব।
সভায় প্রকল্পটির চলমান মডিফিকেশন মামলা নিয়েও আলোচনা হয়। মামলায় ইতিবাচক ফলাফল এলে প্লটগ্রহীতাদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধ থেকে আইনগত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার আগে প্লটগ্রহীতা মোহাম্মদ আনোয়ারুল ইসলামের জি-১ ব্লকের ৭ নম্বর প্লটের সীমানাপ্রাচীর নির্মাণসহ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। ড. এম. এম. এমরান চৌধুরী অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাঁর অনুরোধে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ আনছারি।
সভায় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আঞ্জু, রাকিব উদ্দিন, রমজানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাজী আসাফউদ্দৌলা ও এম এ ওয়াহাব, মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক জি. এম. মনির হোসেন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুস সালিকসহ বিভিন্ন ব্লকের প্লটগ্রহীতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মধুমতি মডেল টাউনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্লটগ্রহীতাদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। প্রকল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে ড. এম. এম. এমরান চৌধুরী প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা এবং যথাযথ আইনি উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের পথ তৈরি হতে পারে। প্লটগ্রহীতাদের স্বার্থ রক্ষা এবং একটি পরিকল্পিত আবাসিক পরিবেশ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এফপি/মিব