ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে উল্টো সবুজের কাছেই পাঁচ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন জাহাঙ্গীর আলম।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরাইলের বড্ডাপাড়া এলাকায় সমাজ উন্নয়ন কেন্দ্রের (সুক) হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন হানিফ আহমেদ সবুজ।
লিখিত বক্তব্যে সবুজ দাবি করেন, ২০১৭ সাল থেকে কাতারে জাহাঙ্গীর আলমের সঙ্গে যৌথভাবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে আসছেন তিনি। বর্তমানে কাতারে দুটি সুপার মার্কেট, দুটি রেস্টুরেন্ট ও একটি গাড়ির ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসায় তাঁর বিনিয়োগ রয়েছে। এসব ব্যবসার হিসাব অনুযায়ী জাহাঙ্গীর আলমের কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি।
সবুজের অভিযোগ, পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে জাহাঙ্গীর আলম তাঁকে তিন কোটি টাকার একটি চেক দেন। গত ২৭ অক্টোবর চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাব ব্লক থাকায় তা নগদায়ন করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি আইনজীবীর মাধ্যমে জাহাঙ্গীর আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি সমাধানে একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে সবুজ বলেন, তিনি কারও সম্পদ অন্যায়ভাবে দাবি করছেন না; বরং নিজের বিনিয়োগ ও ব্যবসায়িক হিসাব অনুযায়ী পাওনা টাকা ফেরত চান। সংবাদ প্রকাশের ক্ষেত্রে একপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করার আহ্বান জানান তিনি। এ ছাড়া প্রচলিত আইনের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, হানিফ আহমেদ সবুজের এসব অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। জাহাঙ্গীর আলমের পাল্টা দাবি, ব্যবসা, প্রপার্টি ও বিভিন্ন কাজের হিসাব অনুযায়ী হানিফ আহমেদ সবুজের কাছে তাঁর পাঁচ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে। এ বিষয়ে তিনি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানোর পাশাপাশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগে সরাইল এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেনের হিসাব এবং আইনগত প্রক্রিয়ার ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এফপি/মিব