Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরীদের সচেতনতা ও প্রস্তুতি মহড়া

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম আপডেট: ০৯.১১.২০২৬ ৮:০২ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘আগুন লাগলে কোথায় ফোন করব?’ সমস্বরে শিক্ষার্থীদের উত্তর—‘১০২’। ‘দুর্ঘটনা ঘটলে কাকে জানাব?’ আবারও সমস্বরে উত্তর—‘১০২’। এভাবেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর সম্পর্কে ধারণা দেওয়া হয় শেরপুরের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের। নম্বরটি সম্পর্কে নিজেরা জানার পাশাপাশি প্রত্যেকে অন্তত পাঁচজনকে এ বিষয়ে জানানোর প্রতিজ্ঞাও করে তারা।

এভাবেই শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী ও তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার ছনকান্দা ডা. মো. তোজ্জাম্মল হোসেন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ কর্মসূচির আয়োজন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর স্টেশন, শেরপুর রেড ক্রিসেন্ট যুব ইউনিট এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এতে সার্বিক সহযোগিতা করে।

কর্মসূচিতে ঘরে-বাইরে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ ও বিপদে করণীয় বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে দুর্যোগের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধার কার্যক্রম এবং জরুরি হটলাইন নম্বর সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

পরে অনুষ্ঠিত প্রস্তুতি মহড়ায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগার বিভিন্ন কারণ এবং তা নেভানোর কৌশল দেখানো হয়। এ ছাড়া আগুন লাগলে ভেজা চটের বস্তা ও কম্বল ব্যবহার করে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়। ভূমিকম্পে ভবনের দোতলা বা তিনতলায় আটকে পড়া নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতিও দেখানো হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ছনকান্দা ডা. মো. তোজ্জাম্মল হোসেন উচ্চবিদ্যালয়, পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক এবং আশপাশের এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে শিক্ষার্থীদের নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক ও শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শেরপুর স্টেশনের স্টেশন অফিসার মো. জামিল আহমেদ, শেরপুর রেড ক্রিসেন্ট যুব ইউনিটের ডেপুটি লিডার প্লাবন, ট্রেনিং লিডার মনিরা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝