Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

আগামীকাল শুরু হচ্ছে খুলনা বিভাগীয় বইমেলা

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ৬৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শুরু হচ্ছে খুলনা বিভাগীয় বইমেলা। নয় দিনব্যাপী এ মেলা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। নগরীর বয়রা এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। বইমেলা উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ উদ্দেশ্য সামনে রেখে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় খুলনায় এ বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের মনে আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক উপলব্ধির জন্ম হয়। বই কর্মব্যস্ত দিনের ক্লান্তি দূর করার পাশাপাশি মানুষকে নানা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে। এ ছাড়া মেলাকে প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্বশান্তি’ এবং ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলা থেকে বই কেনার জন্য ক্রেতাদের মধ্যে প্রতিদিন কুপনের মাধ্যমে লটারিতে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকার প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য ৯টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকবে। পাশাপাশি পাঁচটি খাবারের স্টল থাকবে। প্রকাশনীগুলো নিজেদের প্রকাশিত বই এসব স্টলে প্রদর্শন ও বিক্রি করবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝