Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে ৪ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ১০:১১ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ইটভাটাগুলোর মালিককে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটাগুলোর চিমনি ও ইট পোড়ানোর চুল্লি (কিলন) ভেঙে দিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ও চেচনিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স সেবা ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিকস ও মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়। অন্যদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে দেওয়া হয়। অভিযানে চারটি ইটভাটারই চিমনি ও কিলন ভেঙে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন দাখিল করেন। এ সময় জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির পৃথক দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝