Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

শহীদ জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল

লায়ন মোঃ ফারুক রহমান

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম  (ভিজিটর : ১৩১)

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতিকে পথ দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারুক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ১৯৭৫ সালের এই দিনে মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছিল।

তিনি দাবি করেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র হয়েছিল। এর জবাবে দেশপ্রেমিক সিপাহি ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে সেই ষড়যন্ত্র প্রতিহত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দেশের সামরিক বাহিনী বিভিন্ন সময়ে বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা বহু প্রাণ ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। ওই সময় সামরিক বাহিনী ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ছাত্র-জনতা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ফারুক রহমান বলেন, সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবিলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে ন্যাশনাল লেবার পার্টি যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ। এতে আরও বক্তব্য দেন দলটির মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা সভাপতি মেহেদী হাসান হাওলাদার, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম ছগির, মনির ইসলাম খোকন ও আখতারুজ্জামান প্রমুখ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝