Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

নজরুল মানুষের মুক্তির জন্য আজীবন লড়েছেন: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রতিকূল পরিবেশের মধ্যেও কখনো সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। নিরীহ, নিপীড়িত, নিগৃহীত ও সুবিধাবঞ্চিত মানুষের মুক্তির জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি প্রকৃত অর্থেই সংগ্রামের মহাপুরুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের ‘সন্ধ্যামালতী’ মিলনায়তনে সরকার ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘নজরুল একাধারে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সৈনিক, গীতিকার, শিল্পী ও সাংবাদিক। তবে তাঁর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সংগ্রামী সত্তা। প্রতিকূল পরিবেশে বেড়ে উঠলেও তিনি কখনো সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। সংগ্রামের মধ্য দিয়েই তিনি জয়ী হয়েছেন। আমরাও যদি তাঁর মতো প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে পারি, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারব।’

তিনি আরও বলেন, ‘নজরুল সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। অথচ জীবনের বিভিন্ন সময়ে তাঁকেই নিগৃহীত, বঞ্চিত ও তিরস্কৃত হতে হয়েছে। জীবনের শেষ পর্যায়ে তাঁকে নির্বাক অবস্থায় কাটাতে হয়েছে। তা না হলে তিনি আমাদের আরও অনেক কিছু দিতে পারতেন। তবে তিনি যা দিয়ে গেছেন, তা-ই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নজরুলের চেতনা ধারণ করে তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্মের চর্চা অব্যাহত রাখতে হবে। যারা যথাযথভাবে নজরুলের আদর্শ ও চেতনাকে ধারণ করতে পারবে, তাদের জীবনে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ‘নজরুলের সৃষ্টিতে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নজরুল গবেষক অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)।

সেমিনার শেষে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, ঈদে মিলাদুন্নবী ও নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝