Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

নিয়ম লঙ্ঘনের অভিযোগ এসএওসিএলে পদোন্নতি কমিটির গোপন বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম  (ভিজিটর : ৬)

সরকারি ছুটির দিন শনিবার। চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) পদোন্নতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। তবে পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকের আগে জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে অবহিত করা এবং বৈঠক আয়োজনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, পদোন্নতির বিবেচনায় থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি, শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় বিভাগ, নিয়োগে অনিয়ম এবং কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের তদন্ত চলমান। এসব অভিযোগের মধ্যেই তাঁদের পদোন্নতির পথ সুগম করতে গোপনে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তবে প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত কাউকে পদোন্নতির সুপারিশ করতে পারেনি কমিটি।

সংশ্লিষ্টদের অভিযোগ, পদোন্নতি কমিটির বৈঠক আহ্বান, নোটিশ জারি এবং জ্যেষ্ঠতার তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। ছুটির দিনে ঢাকায় বৈঠক আয়োজনের বিষয়টিও তাঁদের কাছে প্রশ্নবিদ্ধ। তাঁদের মতে, পদোন্নতির মতো সংবেদনশীল প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে জ্যেষ্ঠতা নির্ধারণ, যোগ্যতা যাচাই এবং প্রচলিত বিধিবিধান অনুসরণের বিষয়গুলো আগে থেকেই স্পষ্ট থাকা প্রয়োজন। কিন্তু বৈঠক আয়োজনের প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁদের।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন এসএওসিএলের কয়েকজন কর্মকর্তা। তাঁদের মধ্যে জাকারিয়া হাবিবের বিরুদ্ধে শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ থাকার পাশাপাশি প্রায় সাত কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলার দাবি করেছেন অভিযোগকারীরা। তাঁদের আরও দাবি, এসএওসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল কালাম আজাদের সঙ্গে জাকারিয়া হাবিবের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাঁকে পদোন্নতি দিতেই মূলত গোপনে বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ তাঁদের। এ ছাড়া হায়দার আলী ফকির, আবদুল্লাহ সীফাত ও আবদুস সালাম মীরের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

তবে পদোন্নতি কমিটির বৈঠকে উপস্থিত থাকা এসএওসিএলের সিনিয়র অফিসার রাশেদুল হাসান ছিদ্দিক জানিয়েছেন, বৈঠকে পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “কিছু নিয়মনীতি ও প্রয়োজনীয় অনুমতির বিষয়ে আলোচনা হয়েছে। এসব অনুমতি আমাদের কাছে নেই। মন্ত্রণালয়েরও কিছু শর্ত পূরণ করতে হবে। অনুমতি ও শর্তগুলো সম্পন্ন হওয়ার পর আবার বৈঠক ডাকতে হবে।”

জ্যেষ্ঠতার তালিকা ও পদোন্নতি কমিটি গঠন নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, পদোন্নতি কমিটি চার সদস্যের এবং কমিটি গঠনের বিষয়টি বোর্ডে অনুমোদিত। জ্যেষ্ঠতার তালিকাও তিন মাস আগে প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উপমহাব্যবস্থাপক (হিসাব/সদর) সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন বলেন, সব নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করেই পদোন্নতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনিয়মে জড়িত, শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় বিভাগ রয়েছে কিংবা যাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমন কাউকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়নি।

তিনি আরও বলেন, “নীতিমালার বাইরে গিয়ে কারও পক্ষে বা বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাতিষ্ঠানিক নিয়মনীতি মেনেই যা করার, তা করা হয়েছে।”

সব মিলিয়ে এসএওসিএলের পদোন্নতি কমিটির বৈঠক ঘিরে স্বচ্ছতা, জ্যেষ্ঠতা নির্ধারণ ও যোগ্যতা যাচাইয়ের বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি এবং পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র প্রকাশের দাবি উঠেছে।

এফপি/অ
 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝