বাগেরহাটের মোংলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাবিত খান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্ধারকারী দল তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সোলিমাবাদ খানপাড়া এলাকার ফিলটার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজে নিয়োজিত ছিল 'মেসার্স আল্লাহ সহায়' নামের একটি বাল্কহেড কার্গো। সাবিত খান ওই বাল্কহেডে এসকর্ট (নিরাপত্তাকর্মী বা প্রতিনিধি) হিসেবে দায়িত্ব পালনের জন্য দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মোংলায় আসেন।
গত রোববার (৮ নভেম্বর) দুপুরে তিনি মোংলা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তিনি গভীর পানিতে তলিয়ে যান।
পরে তাঁকে উদ্ধারে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মোংলা নদীতে অভিযান শুরু করে। দুই দিন ধরে চলা উদ্ধার তৎপরতার পর মঙ্গলবার সকালে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এফপি/মিব