রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক রুহুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ইউএনও পাপিয়া সুলতানা জানান, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান এবং বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/মিব