খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে হকার উচ্ছেদ বন্ধ এবং উচ্ছেদ হওয়া হকারদের যথাযথ পুনর্বাসনের দাবিতে সড়কে ব্যারিকেড দিয়ে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতাকর্মী ও শত শত হকার। এ সময় তারা খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন হকাররা। এ সময় তারা সড়কে বসে পড়লে কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
বিক্ষোভে হকার্স ইউনিয়নের নেতারা বলেন, খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল হকাররা ছোট ছোট দোকানের মাধ্যমে ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এ ক্ষুদ্র ব্যবসাই তাঁদের একমাত্র পেশা ও উপার্জনের মাধ্যম।
তাঁরা বলেন, গত কয়েক সপ্তাহে নগরীর বিভিন্ন স্থানে হকারদের উচ্ছেদ করা হয়েছে। ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। তখন তাঁদের জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে সাময়িকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু বাস্তবে সেই আশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে না।
নেতারা আরও বলেন, সড়ক ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের হাঁটার জন্য—এ কথা তাঁরা স্বীকার করেন। তবে তাঁদের অভিযোগ, বড় বড় দোকানের সামনের ফুটপাতেও দোকানের পণ্য সাজিয়ে রাখা হয়, ফলে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। অন্যদিকে, হকাররা যেসব স্থানে ব্যবসা করেন, সেখানে পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট জায়গায় বসেন বলে তাঁরা দাবি করেন।
তাঁরা বলেন, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষই তাঁদের প্রধান ক্রেতা। সীমিত আয়ের এসব মানুষ প্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে হকারদের কাছ থেকে কিনে থাকেন। ফলে হকারদের ব্যবসা শুধু তাঁদের জীবিকার সংস্থানই নয়, খুলনা মহানগরীসহ আশপাশের উপজেলা ও গ্রামের অনেক মানুষের কেনাকাটারও গুরুত্বপূর্ণ মাধ্যম।
হকারদের দাবিগুলোর মধ্যে রয়েছে—খালিশপুর, দৌলতপুর ও ডাকবাংলাসহ মহানগরীর বিভিন্ন স্থানে আগের মতো ব্যবসা করার সুযোগ দেওয়া, কথায় কথায় উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদের নামে মালামাল নষ্ট বা লুটপাট বন্ধ করা এবং হকাররা কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা।
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, 'আজ আমরা স্মারকলিপি দিয়েছি। এরপরও দাবি মানা না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান এবং ভুখা মিছিলের মতো কর্মসূচি দেওয়া হবে।'
এ সময় উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি সালেহ মোহাম্মদ তালহা, সাধারণ সম্পাদক মো. সানু, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, টিইউসি নেতা এস এম চন্দনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
এদিকে, স্মারকলিপি গ্রহণ করে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দ্রুত এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এফপি/মিব