Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয় ও জীপ গাড়িতে আগুন, আটক ৬

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম  (ভিজিটর : ৬)

খাগড়াছড়িতে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে জেলা শহরের পানখাইয়া পাড়া রোডে একটি জীপ গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং গুইমারা উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয় সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খাগড়াছড়ি সদরে জীপ গাড়িতে আগুন, একমাত্র অবলম্বন হারিয়ে নিঃস্ব মালিক।

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে একটি প্রাইভেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি জীপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গাড়িটি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন গাড়ির মালিক মোহাম্মদ শাহীন। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জীপটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর গাড়িতে আগুন দিয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি গাড়িটি সম্পূর্ণ পোড়া অবস্থায় দেখতে পান।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গুইমারায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, আটক ৬

এদিকে, খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ে আগুন দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো কার্যালয়টি পুড়ে যায়।

বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ






খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা। পরে তাদের নেতৃত্বে বড়পিলাক এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা দেখছি খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মোট ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝