মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে সার সরবরাহ ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা অবৈধভাবে সার মজুত করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিয়মিত তদারকি করবে।
সভায় টঙ্গিবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পালসহ উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলাররা উপস্থিত ছিলেন। এ সময় সার সরবরাহ, মজুত ও বিপণন ব্যবস্থাপনা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার প্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এফপি/মিব