রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উখিয়ার চারটি ক্যাম্পে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন। তাঁর সফরকে কেন্দ্র করে ক্যাম্পের ভেতরে ও বাইরে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, ডাচেস সোফি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা এবং মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (CODEC) পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনা ও শিক্ষার পরিবেশ সম্পর্কে জানতে চান।
এ ছাড়া ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বিভিন্ন কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম ঘুরে দেখেন ডাচেস সোফি।
সফর ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালন করেন এপিবিএনের সদস্যরা। ক্যাম্পের বাইরে দায়িত্বে ছিল পুলিশ। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ডাচেস অব এডিনবরার সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।
দিনভর পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ডাচেস সোফি। তাঁর সফর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ডাচেস সোফি ৯ থেকে ১১ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তাঁর এ সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। একই দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ডাচেস সোফি। তাঁদের আলোচনায় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা আশ্রয়শিবিরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা ও মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। ডাচেস সোফি সফরের সময় এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে তিনি অবগত হন।
এ ছাড়া বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন ডাচেস সোফি। সেখানে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তিনি।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন ডাচেস সোফি। এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
এফপি/মিব