ঢাকার একটি আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়েছে হত্যা মামলার এক আসামি। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে পালিয়ে যায় মো. কাউসার মিয়া (১৯)। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি জানা যায়। মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রিপন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাউসারের বাড়ি নেত্রকোনায়। তাঁর বাবার নাম রুকু মিয়া। তিনি রাজধানীর দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। মামলাটির বিচার চলমান। মঙ্গলবার ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
এসআই রিপন মোল্লা বলেন, সকালে কাউসারকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে আদালতে নেওয়ার সময় তাঁর হাতে হাতকড়া ছিল। তাঁকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় তিনি হাতকড়া খুলে পালিয়ে যান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল আদালতের এক কর্মীর কাছে কাস্টডি ওয়ারেন্ট জমা দিতে গেলে এ ঘটনা ঘটে।
আদালতের নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানে ১৭ বছর বয়সী পোশাকশ্রমিক আলো আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি কাউসার মিয়া। এসআই রিপন আরও জানান, মঙ্গলবার মামলাটিতে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার দিন ধার্য ছিল।
এফপি/মিব