কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬)-কে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।
এদিকে ঘটনার পর ইমন ও তার মা পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনের বাসা ছেড়ে চলে যান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় জাকিয়া। স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় কালো শার্ট পরা ইমন সেখানে এসে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ইমন ছুরিটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। তার কুপ্রস্তাব ও উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ইমন এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এফপি/মিব