ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার বিচারপ্রক্রিয়ায় আপস করতে রাজি না হওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে দলীয় পদ স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। তবে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও শোকজের জবাব না দেওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মানিক এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ জুন সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের মধ্যে সংঘর্ষে কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খাদেম হোসেন নিহত হন। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করায় তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর বিরাগভাজন হয়েছেন বলে দাবি করেন।
মানিক অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে তদবির, মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণ এবং দলীয় প্রত্যয়নপত্র ইস্যুর ঘটনায় তাঁকে ব্যবহার করা হয়েছে। পরবর্তী সময়ে ওই প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে এবং ইউনিয়ন বিএনপির সভাপতিকে বিতর্কিত করা হয়।
তাঁর দাবি, এসব ঘটনার প্রতিবাদ এবং হত্যা মামলায় আপস করতে অস্বীকৃতি জানানোর পর গত রোববার রাতে তাঁর সাধারণ সম্পাদক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
তিনি আরও বলেন, পদ-পদবির জন্য নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করেন। কোনো চাপ বা ষড়যন্ত্র তাঁকে সত্য ও ন্যায়ের অবস্থান থেকে সরাতে পারবে না। এ ঘটনায় বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।
এদিকে, মানিকের অভিযোগের বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি নির্ধারিত সময়ে জবাব দিলেও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক কোনো জবাব দেননি।
তপু বলেন, দুই মাসের বেশি সময় পার হওয়ার পর সভাপতির জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, সাধারণ সম্পাদক শোকজের জবাব না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী বক্তব্য প্রকাশ করেন। শোকজের জবাব না দেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে মনিরুজ্জামান মানিককে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়নি; শুধু দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) এবং সরাইল উপজেলা বিএনপির নির্বাহী সদস্য।
এফপি/মিব